
গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর কেরানীগঞ্জ থেকে এক ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সাভারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ছয়জন হলেন সোহাগ মাঝি (২৮), মো. দেলোয়ার (২৬), মো. জয়নাল হোসেন (২৮), মো. সোহেল (২৭), মো. জনি (৩২) ও মো. আজিজ (৫৭)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ১৩ নভেম্বর ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও বাজার থেকে ব্যাগে ৮৫ লাখ টাকা নিয়ে পিকআপে করে আবদুল্লাহপুরের সাউথইস্ট ব্যাংকের উদ্দেশে রওনা করেন। তখন অজ্ঞাতনামা ১০–১২ জন ডাকাত ব্যবসায়ী কেরামত আলীর গতি রোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয় এবং মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একাধিক দল গতকাল সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী সদর এলাকায় এক ডাকাতের কাছ থেকে ১৯ লাখ টাকা জব্দ করা হয়। যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।