মায়ের চিকিৎসার কথা বলে ভিক্ষা, সেই টাকা দিয়ে মাদক ব্যবসা

মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার মো. সেলিম ও মো. মামুন মিয়া
ছবি: সংগৃহীত

অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। এ কথা বলে রাজধানীর উত্তরা এলাকায় বিভিন্ন যানবাহন ও দোকানে ভিক্ষা করতেন তাঁরা। পরে ভিক্ষার টাকা দিয়ে মাদক কেনাবেচার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে রাজধানীর আবদুল্লাহপুর পুলিশ বক্স এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. সেলিম (৩৮) ও মো. মামুন মিয়া (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, তাঁরা মায়ের অসুস্থতার কথা বলে উত্তরা এলাকায় বিভিন্ন যানবাহন ও দোকানে ভিক্ষা করতেন। সেই টাকা দিয়ে মাদক কিনে রাতে তা আবার বিক্রি করেন।

গ্রেপ্তার সেলিম ও মামুনের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।