রাজধানীতে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৩৯টি মামলা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১২২ জন মিরপুর বিভাগের। এ ছাড়া তেজগাঁওয়ে ৭০ জন, মতিঝিলে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, গুলশানে ৪৮ জন, উত্তরায় ৪৮ জন, লালবাগে ২৯ জন, রমনা বিভাগে ২৭ জন এবং ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) গ্রেপ্তার ১ জন রয়েছেন।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩টি ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৭টি মুঠোফোন, ১টি ইয়াবা সেবনের পাইপ, ২টি ফয়েল পেপার, ৩টি গ্যাসলাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।