নিহত জাহিদুল ইসলাম
নিহত জাহিদুল ইসলাম

ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলা: অধিকতর তদন্তের নির্দেশ সিআইডিকে

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলাটির অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে বাদীপক্ষের নারাজি আবেদনের শুনানি শেষে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ এপ্রিল বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।

জাহিদুল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। ২২ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। এ হত্যার ঘটনায় পরদিন নিহতের ফুফাতো ভাই হুমায়ন কবীর বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে গত ২৯ এপ্রিল বনানী থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত ব্যক্তিরা হলেন মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মাহাথির হাসান, আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, ফাতেমা তাহসিন, ফারিয়া হক টিনা ও রাকিব। একই সঙ্গে অভিযোগের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষারসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

তবে অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে বাদী আদালতে নারাজি আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আবজাল হোসেন মৃধা অধিকতর তদন্তের আবেদন জানিয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত মামলাটি আবার তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।