গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ আগস্টে প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুদের মধ্যে ৫৫ জন হত্যা এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও ২টি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এই তথ্য সংকলন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। এর মধ্যে ১০ জন কন্যা ও ৪৫ জন নারীসহ মোট ৫৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু ও ১৮ জন নারী রয়েছেন। ধর্ষণের শিকার নারী ও কন্যাশিশুদের মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১ জন কন্যাশিশুসহ ২ জনকে। এ ছাড়া ১১ জন কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মাসে যৌন সহিংসতার শিকার হয়েছে ২৪ জন কন্যাশিশুসহ ৩০ জন। এর মধ্যে ১২ জন কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের এবং ৮ জন কন্যাশিশুসহ ৯ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছে ৪ জন কন্যাশিশুসহ ৭ জন।
এ ছাড়া হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, অপহরণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে নারী ও কন্যাশিশুরা।