পিচ্চি আলামিন
পিচ্চি আলামিন

চাঁদাবাজি–হত্যাসহ ২৭ মামলার আসামি পিচ্চি আলামিন গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে আজ বৃহস্পতিবার আলামিন ওরফে পিচ্চি আলামিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রামপুরা টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে দুই সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-৩-এর একটি দল।

এসআরবির ভাষ্য, পিচ্চি আলামিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। আজ তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেপ্তার দুই সহযোগী হলেন কামলা ও খাইরুল।

দুই সহযোগী কামলা ও খাইরুল

পিচ্চি আলামিন রামপুরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করে এসআরবি। তাদের ভাষ্য, নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট ও টেম্পোস্ট্যান্ডের পাশাপাশি ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকেও তিনি চাঁদা আদায় করে আসছিলেন। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর বনশ্রীর একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে এককালীন ২০ লাখ টাকা এবং ব্যবসা পরিচালনা করতে হলে প্রতি মাসে ৫ লাখ টাকা করে চাঁদা দাবির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এসবের সঙ্গে জড়িত ও হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে ঢাকায় ২৭টি মামলা রয়েছে।

পিচ্চি আলামিন রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ (৫০) ওরফে কাইল্ল্যা পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ২০ জুন কারাগার থেকে বের হওয়ার এক মাসের মাথায় রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন কাইল্যা পলাশ।