উপসচিবের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার, তদন্ত ছাড়াই হস্তান্তর

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর ইস্কাটন এলাকার একটি বাসা থেকে গতকাল সোমবার রাতে আমেনা আক্তার (১৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাতিরঝিল থানা-পুলিশ জানায়, যে বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেটি শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামানের। আমেনা দেড় বছর ধরে ওই বাসায় কাজ করত। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। বাবার নাম মো. মামুন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক ইদ্রিস আলী বলেন, সোমবার রাতে ইস্কাটনের একটি বাড়ির আটতলা থেকে আমেনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল মরদেহটি। তবে ময়নাতদন্ত ছাড়াই গতকাল সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জন্য মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নিয়ে থাকে পুলিশ। তবে আমেনার মরদেহের ময়নাতদন্ত না করার জন্য ঢাকা জেলা প্রশাসকের অনুরোধ ছিল। জেলা প্রশাসকের অনুরোধে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয়ন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা যায়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক  প্রথম আলোকে বলেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়া আমেনার মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসক এর অনুমতি দিতে পারেন। তিনি অনুরোধ করলে সংশ্লিষ্ট থানার ওসি মনে করেন, এটাতে কোনো সমস্যা নেই এবং ময়নাতদন্ত ছাড়া এ ধরনের মৃত্যুতে মরদেহ হস্তান্তর করা যায়। তা ছাড়া আমেনার পরিবারের কোনো অভিযোগ ছিল না।