রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় ইমাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হামলায় ব্যবহৃত বলে সন্দেহ হওয়া একটি মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে রামপুরায় পলাশকে গুলি করার ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে রামপুরা থানাধীন রয়েল মিষ্টির দোকানের সামনে পলাশকে গুলি করা হয়। পুলিশ জানিয়েছে, নামাজ পড়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর মাথায় দুটি গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। হামলার পেছনের কারণ এবং এতে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াছিন খান পলাশ একসময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় তিনি দণ্ডিত ছিলেন। প্রায় এক মাস আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।