মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে পায়ের রগ কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তাঁর পায়ের রগ কাটা ছিল। তাঁর নাম মেহেদী হাসান অপু (২৫)। তিনি ওই এলাকার একটি মাছের আড়তে কাজ করতেন।

গতকাল রোববার মধ্যরাতে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, মাদক কারবার নিয়ে আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত অপুর পায়ের রগ কাটা ছিল। তাঁর শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

নিহতের ভাগিনা রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেন, অপু যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন এবং শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অপু ঝালকাঠির রাজাপুর থানা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।