
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়ায় একটি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন হাশিম উদ্দিন। থাকতেন কারখানার দ্বিতীয় তলার একটি কক্ষে। ৯ জানুয়ারি রাতে নিজ কক্ষে খুন হন তিনি। এই হত্যাকাণ্ডের তদন্তে গিয়ে পাশের সিসি ক্যামেরার ফুটেজে ওই রাতে এলাকাটিতে বিশেষ কৌশলে মাফলার পরা এক ব্যক্তিকে দেখতে পায় পুলিশ। তাঁর সেই ছবি দিয়ে পোস্টার তৈরি করে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
তাঁদের ভাষ্যমতে, ঘটনাস্থল থেকে একটু দূরে একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই রাতে কারখানার সড়কে বিভিন্ন সময়ে চারজন এসেছেন। তাঁদের একজনের মুখে বিশেষ কৌশলে মাফলার বাঁধা ছিল। একটি ফুটেজে বিশেষ কৌশলে মাফলার বাঁধতেও দেখা গেছে। ফুটেজে পাওয়া ভিন্ন কৌশলের মাফলার বাঁধার ছবি দিয়ে পোস্টার তৈরি করে পুলিশ। সেই পোস্টার দেখে নাখালপাড়ার একজন জানান, এই লোককে ফেরি করে টুপি বিক্রি করতে দেখেছেন। মগবাজারের একজন জানান, ফেরি করে চুড়ি-ফিতা বিক্রি করতে দেখেছেন। উত্তর বাড্ডার একজন বলেন, এমন একজনকে ফেরি করে পাউডার বা কসমেটিকস বিক্রি করতে দেখেছেন।তেজগাঁওয়ের একজন এই ব্যক্তির নাম–পরিচয় এবং বাসস্থানের খোঁজ দেন।
ঘটনার এক সপ্তাহ পর গত সোমবার তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকায় ফেরি করে চুড়ি বিক্রির সময় ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, গ্রিল কেটে চুরি করতে জুয়েল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কোম্পানির কারখানাটিতে ঢুকেছিলেন। চুরিতে বাধা দেওয়ায় রড দিয়ে আঘাত করে নিরাপত্তাকর্মীকে খুন করে পালিয়ে যান। তাঁর নাম মো. হানিফ (৩৮)। থাকেন তেজগাঁও এলাকায়। তাঁর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট এলাকায়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক প্রথম আলোকে বলেন, হানিফ দিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফেরি করে চুরির জন্য বাসা ঠিক করতেন। পরে রাতে গ্রিল কেটে বা গ্রিল ভেঙে ঘরে ঢুকে চুরি করতেন। ১০ বছর ধরে তিনি এই কৌশলে চুরি করলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার রাতে সিসি ক্যামেরার ফুটেজে ঘটনাস্থলের দিকে যে চারজনকে যেতে দেখা যায়, তাঁদের সবাইকে সন্দেহভাজন খুনি ধরেই তদন্ত শুরু হয়। তাঁরা ওই গলি থেকে কোথায় গিয়েছিলেন, তা খুঁজে বের করতে এক হাজারের বেশি ফুটেজ পর্যালোচনা করা হয়। চারজনের তিনজনকে শনাক্ত করা গেলেও একজনকে শনাক্ত করা যাচ্ছিল না। তাঁর মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল। অন্য তিনজনের বিষয়ে খোঁজ নিয়ে বোঝা যায়, তাঁরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। পরে মাফলার বাঁধা লোকটিকে ঘিরে তদন্ত শুরু হয়। একটি ফুটেজে তাঁকে মাফলার বাঁধতে দেখা যায়। ফুটেজ থেকে ছবি নিয়ে পোস্টার তৈরি করে ঘটনাস্থলের আশপাশ, তেজগাঁও, মগবাজার, বনশ্রী, হাতিরঝিল, মহাখালী, বাড্ডাসহ বিভিন্ন এলাকার মানুষকে সেই পোস্টার দেখানো হয়। এর মধ্যে বিভিন্ন এলাকার চারজন তাঁকে দেখেছেন বলে জানান। একজন তাঁর নাম হানিফ বলে জানান। তিনি হানিফের ঠিকানা ও মুঠোফোন নম্বর সরবরাহ করেন।
পুলিশের একজন কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের দিন থেকেই হানিফের মুঠোফোন নম্বরটি বন্ধ ছিল। এতে সন্দেহ আরও বেড়ে যায়। সোমবার তাঁকে কুনিপাড়ায় ফেরি করে পণ্য বিক্রি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি হাশিম হত্যার কথা স্বীকার করেন। পরদিন তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জে একটি মাদকের মামলা রয়েছে। তিনি ২০১৩ সালে সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, হানিফ ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় বেশি চুরি করেছেন বলে স্বীকার করেছেন। তবে তিনি কখনোই ধরা পড়েননি।
তিনি বিভিন্ন এলাকায় ফেরি করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতেন। তবে তাঁর মূল উদ্দেশ্য পণ্য বিক্রি নয়, চুরির জন্য বাসা ঠিক করা। তিনি বিভিন্ন এলাকায় পণ্য বিক্রি করার সময় বাসিন্দাদের সঙ্গে আলাপ জুড়ে দিতেন। বিভিন্ন সময় বিশ্রাম নেওয়ার ছলে বিভিন্ন বাড়ির নিরাপত্তাকর্মীর সঙ্গেও আলাপ করতেন। কোন বাসা ফাঁকা, সেটি কৌশলে জানার চেষ্টা করতেন।
হানিফকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে একজন কর্মকর্তা জানান, হানিফ সর্বশেষ কুনিপাড়ার তারকাঁটা তৈরির ওই কারখানায় চুরি করতে গিয়েছিলেন।
কারখানাশ্রমিকদের কাছে চুড়ি–ফিতা বিক্রির ছলে তিনি জানার চেষ্টা করেন বেতন কত তারিখে দেওয়া হয়। সেটি জেনে তিনি ৯ জানুয়ারি রাতে চুরি করতে যান। তাঁর ধারণা ছিল, কারখানার দোতলায় বেতনের টাকা রাখা আছে। তিনি গ্রিল ও টিন কেটে কারাখানায় ঢুকেছিলেন।