
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন দর কার্যকর না করে হাসপাতালে হার্টের রিং অতিরিক্ত মূল্যে বিক্রি এবং রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে—এমন অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া হাসপাতালটিতে সেবা দেওয়ার ক্ষেত্রে রোগীদের হয়রানির অভিযোগও আসে। এসব তথ্যের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম পাঠানো হয়।
অভিযানকালে সম্প্রতি যেসব রোগীর হার্টের রিং পরানো হয়েছে, তাঁদের ক্ষেত্রে নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী অর্থ নেওয়া হয়েছে কি না, তা যাচাই করতে সংশ্লিষ্ট নথিপত্র দৈবচয়ন (র্যান্ডম) ভিত্তিতে সংগ্রহ করে দুদকের দল। পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা হার্টের রিং পরানো রোগীদের সঙ্গে কথা বলে কোনো ধরনের অতিরিক্ত অর্থ নেওয়া বা সেবা নিয়ে হয়রানি করা হয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হয়।
দুদক জানিয়েছে, অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত নথিপত্র বিশদভাবে যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে দুদকের এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।