গাঁজাসহ ট্রেনের গার্ড গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

চট্টগ্রামে গাঁজাসহ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের এক ট্রেন পরিচালকসহ (গার্ড) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজার চৈতন্য গলি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

ওই ট্রেন পরিচালকের নাম ইমরুল কায়েস। গ্রেপ্তার আরেকজন হলেন মো. সোহেল। এ প্রসঙ্গে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ইমরুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, আসামিদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামিরা স্বীকার করেন, কুমিল্লা থেকে কম দামে গাঁজা তারা চট্টগ্রামে নিয়ে আসতেন। পরে এগুলো বেশি দামে বিক্রি করে থাকেন। এই ঘটনায় দুজনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা শহিদুল ইসলাম রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁরা কোনো কাগজপত্র পাননি। পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।