রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে আহসান জহীর খান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তার আহসান নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এহসার সদস্য। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম অংশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সিটিটিসির সূত্র জানিয়েছে, গ্রেপ্তার আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য। তিনি ও তাঁর পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা নিতে ঘটনাস্থলে একত্র হয়েছিলেন।
সূত্রটি আরও জানিয়েছে, গ্রেপ্তার আহসান ও তাঁর সঙ্গীরা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে গ্রুপ চ্যাট, ব্যক্তিগত চ্যাট ও চ্যানেল ব্যবহার করে ভিন্ন ভিন্ন ছদ্মনামে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। এসব মাধ্যম ব্যবহার করে তাঁরা উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আহসানের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাঁকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।