উদ্ধার হওয়া মোটরসাইকলের বিষয়ে কথা বলছেন ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির
উদ্ধার হওয়া মোটরসাইকলের বিষয়ে কথা বলছেন ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির

উত্তরায় ফিলিং স্টেশনের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈর (৪০) তথ্যের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের একটি দল গতকাল বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করে।

আজ শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজ রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এসব তথ্য দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে টাকা ছিনতাইয়ের সময় মোটরসাইকেলটি কে ব্যবহার করেছিলেন, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ নেই। এ ব্যাপারে একাধিকবার কল করা হলেও পুলিশ কর্মকর্তা ইলিয়াস কবির সাড়া দেননি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তরায় ডাকাতির ঘটনাটি ডিবি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতিমধ্যে এ ঘটনায় জড়িত অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের বেশ কিছু টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৯ আগস্ট সকালে রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে কর্মচারীকে কুপিয়ে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।

মামলায় বলা হয়েছে, ছিনতাই হওয়া টাকা ডিএল ফিলিং স্টেশনের। প্রতিষ্ঠানটির টাকা ছিনতাইয়ের ঘটনায় এ নিয়ে র‍্যাব ও পুলিশ মোট আটজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ৬০ লাখ টাকা, একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, হাতকড়া ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে।