রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চারটি গুলিসহ দেশে তৈরি একটি রিভলবার এবং লুট করা ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানভীর আবেদীন ওরফে জুঁই, মো. মজিবুর রহমান, মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির, মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন ও সজল চৌধুরী।
ডিএমপি জানিয়েছে, গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডির ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা নিয়ে যায় ৮ থেকে ১০ জনের একটি দল।
টাকা নিয়ে পালানোর সময় ধানমন্ডি মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি গুলিসহ দেশে তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে চক্রটির আরও পাঁচ সদস্য—সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, জাকারিয়া হোসেন ওরফে লেলিন ও সজল চৌধুরী—গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে সোলায়মান মৃধাকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, অভিযানে জাকারিয়া হোসেনের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।
পুলিশ বলেছে, চক্রটির পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।