দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএর কার্যালয়ে (ঢাকা মেট্রো–২ সার্কেল) আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)
দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএর কার্যালয়ে (ঢাকা মেট্রো–২ সার্কেল) আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের অভিযান

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে (ঢাকা মেট্রো–২ সার্কেল) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল এই অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ প্রথম আলোকে এই তথ্য জানান।

দুদক সূত্র জানায়, অভিযোগ আছে, একটি সিন্ডিকেট বিআরটিএর বিভিন্ন সেবা নিয়ন্ত্রণ করছে। রুট পারমিট, গাড়ির নিবন্ধন, ফিটনেস সনদ, মালিকানা পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে নিয়মিত ঘুষ নেওয়া হচ্ছে। এভাবে মাসে এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়। এসব অনিয়ম–দুর্নীতির সঙ্গে বিআরটিএর বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীদের একটি অংশও জড়িত। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালানো হয়।

দুদক সূত্র বলছে, অভিযোগ অনুযায়ী, বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে সেবাভেদে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ অবৈধভাবে নেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাটসহ একটি ট্রাকস্ট্যান্ড থেকে মাসিক চাঁদা আদায় করা হয়। সাবেক এক কর্মচারীর বিরুদ্ধে কার্যালয়ের একটি কক্ষ নিজের দখলে রেখে দালাল চক্র নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের মাধ্যমে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন।