নিরাপত্তাপ্রতিষ্ঠানে চাকরির আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৩

ঢাকার উত্তরা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়
ছবি: সংগৃহীত

মো. ইসমাইল ও রবিউল হাসানের বাড়ি কক্সবাজারে। চাকরি করেন এলিট ফোর্স নামের একটি নিরাপত্তাপ্রতিষ্ঠানে। ওই চাকরির আড়ালে তাঁরা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার ঢাকার উত্তরা থেকে এই দুজনসহ তিনজনকে আটক করা হয়। পরে উত্তরা পশ্চিম থানায় মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

ডিএনসি বলছে, গ্রেপ্তার অন্যজন হলেন জাকারিয়া মাসুদ বাপ্পী। সাতক্ষীরার এই যুবক পেশায় কাপড় ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে ৯ হাজার ৬৮০টি ইয়াবা বড়ি ও ৩ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সহকারী পরিচালক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা টেকনাফ, ঢাকার উত্তরা ও গাজীপুর এলাকায় শক্তিশালী মাদকের চক্র গড়ে তোলেন। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি দরে বিক্রি করতেন। এলিট ফোর্স সিকিউরিটি কোম্পানিতে নিরাপত্তা কর্মীর চাকরির কারণে তাঁদের কেউ সন্দেহ করত না। এই সুযোগ কাজে লাগিয়ে তারা কক্সবাজার থেকে ঢাকায় মাদক নিয়ে আসতেন।

মাদক কারবারিরা নিজেদের মধ্যে যোগাযোগের সময় এনক্রিপ্টেড অ্যাপের ব্যবহার করতেন জানিয়ে ডিএনসি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তারা কোনো নির্দিষ্ট ফোন নম্বর ব্যবহার না করে ঘন ঘন নম্বর পরিবর্তন করতেন। তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে।