মারধরের শিকার পাঁচ কর্মকর্তা। প্রক্টর দপ্তর, ১৬ নভেম্বর
মারধরের শিকার পাঁচ কর্মকর্তা। প্রক্টর দপ্তর, ১৬ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, মুচলেকায় থানা থেকে মুক্ত

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের নেতার সঙ্গে যোগাযোগ ও নাশকতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাঁদের রাজধানীর কোতোয়ালি থানায় পুলিশের জিম্মায় দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার বিকেল মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই পাঁচ কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে থানায় রাখার আবেদন করা হয়েছিল। সে আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের থানায় রাখা হয়। পরে তদন্তের স্বার্থে ডাকা হলে তাঁরা হাজির হবেন, এ মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে এক শিক্ষককে হেনস্তা করা হয়।

মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। এ সময় তাঁদের পুলিশে দেওয়ার দাবিও জানান তাঁরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে জরুরি সভায় এই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

গতকাল বিশ্ববিদ্যালয় থেকে এই পাঁচ কর্মকর্তার নামে অফিস আদেশ ইস্যু করা হয়। আদেশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের আনা ১৬ নভেম্বরের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রেজোয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও নাশকতার অভিযোগের প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যপ্রমাণাদির ভিত্তিতে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’ উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ জুনায়েদ হোসাইন, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, উপরেজিস্ট্রার সাইদুর রহমান রনি এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-১) মো. নূরুল হুদা।

গতকাল রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের কিছু সহকর্মী, যাঁরা কর্মকর্তা এবং যাঁরা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আমাদের কতিপয় শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা তাঁদের ইতিমধ্যে আটক করেছেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে রেজোয়ান নামের এক শিক্ষার্থী কিছুদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হয়েছিল। তার সঙ্গে ক্যাম্পাসের অনেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের মূল দায়িত্ব। সে অনুযায়ী নিরাপত্তার স্বার্থেই রাতে তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছিল।

প্রক্টর আরও বলেন, তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন। পরে পুলিশ মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাঁদের ছেড়ে দেয়।