রাজধানীর যাত্রাবাড়ীতে এমেদ আলী (৫০) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ৬২ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর স্বজনের ভাষ্য, আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর চাচাতো ভাই হিরন মিয়া বলেন, সকালে মাছ কিনতে রিকশায় করে আড়তের দিকে যাচ্ছিলেন এমেদ। যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে চারজন ছিনতাইকারী রিকশাটির গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে এমেদের কাছে থাকা টাকা দিয়ে দিতে বলে। টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তা জোর করে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে এমেদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। তারা তাঁর কাছে থাকা ৬২ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।
পরে এমেদকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সকাল ১০টার দিকে তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
এমেদের বাসা উত্তর বাড্ডায়। তাঁর বাবার নাম মোহর আলী।