রূপনগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই বন্ধু আহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর রূপনগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই তরুণ আহত হয়েছেন। বন্ধুর গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করায় আল আমিন (২৪) ও শহিদুল ইসলামকে (২৩) ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালে চিকিৎসাধীন আল আমিন প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার বিকেলে রূপনগর মোড়ে একটি সন্ত্রাসী গ্রুপ তাঁদের বন্ধু হাসানের গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয়। পরে ওই গ্রুপের প্রধানের কাছে ফোন করে বিষয়টি জানালে তিনি চেইন ফেরত দেওয়ার আশ্বাস দেন। কথামতো বুধবার সন্ধ্যায় শহিদুল ইসলামকে নিয়ে কামাল আহমেদ মজুমদার স্কুলের পেছনে যান তিনি। সেখানে যাওয়ার পর সন্ত্রাসী গ্রুপটি তাদের ঘিরে ফেলে মারধর ও ছুরিকাঘাতে করে। 

আহত অবস্থায় স্বজনেরা তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়  তাঁদের। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আল আমিনের পিঠে ও শহিদুলের পেটে ছুরিকাঘাতের গুরতর জখম আছে।