ছিনতাইকারী একটি চক্রের দলনেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব
ছিনতাইকারী একটি চক্রের দলনেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত ছিনতাইকারীদের ৫ জন গ্রেপ্তার

ঢাকার উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড পর্যন্ত এলাকায় ছিনতাইয়ের সঙ্গে যুক্ত একটি চক্রের দলনেতাসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। আজ শুক্রবার দুপুরে উত্তরায় র‌্যাব-১–এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

র‌্যাব জানায়, ঢাকার আবদুল্লাহপুর থেকে বিভিন্ন জেলায় যাতায়াতকারীদের লক্ষ্যবস্তু বানিয়ে সর্বস্ব ছিনতাই করছে চক্রের সদস্যরা। এই চক্রের মূল হোতা ২২ বছর বয়সী তরুণ শরীফ হোসেন। গতকাল বৃহস্পতিবার রাত এবং আজ ভোরে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে শরীফকে গ্রেপ্তারের পাশাপাশি চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আবদুল্লাহ বাবু, শ্যামল হোসেন, নাছির রাজ ও সাজেদুল আলম। তাঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বলেন, ঢাকার উত্তরা, আবদুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় ছিনতাই চক্রের তৎপরতা দিন দিন বাড়ছে। ছিনতাই চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করে বিভিন্ন মালামাল ছিনিয়ে নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলন্ত গাড়ি থেকে থাবা দিয়ে অথবা অন্ধকারে নিরীহ পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনতাই করেন তাঁরা।

চক্রের সদস্যদের কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল মোমেন বলেন, ছিনতাই করা মুঠোফোনগুলো দলনেতা শরীফ হোসেনের কাছে জমা হতো। এক দিনে শরীফ সর্বোচ্চ ৫০টি মুঠোফোন সংগ্রহ করেছেন। শরীফ পাঁচ বছর ধরে ছিনতাইয়ে জড়িত। শরীফ স্বল্পমূল্যে মুঠোফোনগুলো কিনে গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ বাবু ও শ্যামলের মাধ্যমে বিক্রি করতেন। এ দুজন শুধু শরীফ নয়, চলতি মাসের শুরুর দিকে গ্রেপ্তার হওয়া অন্য একটি ছিনতাই চক্রের দলনেতা জয়ের কাছ থেকেও ছিনতাইয়ের মুঠোফোন সংগ্রহ করে বিভিন্ন দোকান, অনলাইন প্ল্যাটফর্ম ও মানুষের কাছে বিক্রি করতেন।

গ্রেপ্তার নাছির ও শাওন সম্পর্কে আবদুল্লাহ আল মোমেন বলেন, তাঁরা দুজনই মুঠোফোন মেরামতের কাজ করেন। টঙ্গী বাজারে নাছিরের একটি মুঠোফোন মেরামতের দোকান রয়েছে। সেখানে বৈধ ব্যবসার আড়ালে ছিনতাই চক্রের মুঠোফোনের লক খোলার কাজ করেন। শাওন একটি মুঠোফোন মেরামত দোকানের কর্মচারী। তিনি ৫০০ থেকে ১ হাজার টাকার বিনিময়ে ছিনতাই হওয়া মুঠোফোনের লক খোলেন।