গ্রেপ্তার আশিক তপেদার
গ্রেপ্তার আশিক তপেদার

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার ও লিফলেট নিয়ে ঘোরাঘুরির সময় একজন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ঘোরাঘুরির সময় এক তরুণকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে বনানী থানা–পুলিশ। গ্রেপ্তার ওই তরুণের নাম মো. আশিক তপেদার (২৪)।

পুলিশ জানিয়েছে, এসব পোস্টার ও লিফলেটে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা উল্লেখ রয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে বনানীর ঢাকা–ময়মনসিংহ রোড এলাকা থেকে আশিক তপেদারকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বনানী থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা–ময়মনসিংহ রোডের নৌবাহিনী সদর দপ্তরের বিপরীত পাশে বিশেষ অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার করে বনানী থানা–পুলিশের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার আশিক তপেদার প্রাথমিক জিজ্ঞাসায় জানিয়েছেন তিনি তাঁর সহযোগীদের নিয়ে ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের (নিষিদ্ধ) পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন।