কারাগার
কারাগার

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র কোরআনের তাফসির গ্রন্থে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, আসামির রিমান্ড আবেদন এবং জামিন আবেদন ছিল না। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

এদিন শাহবাগ থানার এসআই নাজমুল হাসান আসামিকে আদালতে হাজির কারাগারে রাখার আবেদন করেন। তবে তাঁকে এজলাসে ওঠানো হয়নি।

মামলার অভিযোগ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাইয়েদ আবুল আ’লা মওদুদী রচিত ‘তাফহীমুল কুরআন’-এর তিনটি খণ্ডে আগুন দেওয়ার সময় উপস্থিত জনতা ওই যুবককে আটক করে। খবর পেয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেন। উত্তেজিত জনতার মারধরে আসামি সামান্য আহত হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই কামাল উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় দণ্ডবিধির ২৯৫-ক ধারায় একটি মামলা দায়ের করেন।

আদালতে দাখিল করা আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ আসামিকে কারাগারে রাখা হোক। পরবর্তী সময়ে তাঁর রিমান্ডের আবেদন করা হবে।