
রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে কিছু ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে। এ সময় হট্টগোল তৈরি হলে পুলিশ সেখান থেকে সাতজনকে আটক করে।
আজ সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন প্রথম আলোকে বলেন, জানাজা শেষে সেখান থেকে একটি মিছিল বের করে বিশৃঙ্খলার চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।
উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদ্রোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।