কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের পর তছনছ হয়ে আছে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব। রোববার রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের পর তছনছ হয়ে আছে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব।  রোববার রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুর কারাগারে

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. মিজানুর রহমানকে (৫৯) কারাগারে পাঠানো হয়েছে। তিনি এ মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান প্রথম আলোকে বলেন, আজ একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলায় এজহারভুক্ত আসামি ১৩ জন।

এদিন আসামি মিজানুর রহমানের পক্ষের আইনজীবী শওকত হোসাইন জামিন চেয়ে শুনানি করতে চাইলে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন।

২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবির গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত চলমান। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারেন এবং মামলার তদন্তে বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামি মিজানুর রহমানকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রকল্পের কার্যালয় ও আশপাশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক হামলা–ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনায়ও ভাঙচুর হয়। নিউগিনি প্রকল্পের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লিয়াকত আলী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিও।

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। গতকাল পর্যন্ত থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ প্রথম আলোকে বলেন, এই মামলায় মোট ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। আগামীকাল প্রথম তিন আসামির রিমান্ড শুনানির দিন ধার্য আছে।