
আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের ‘দখল’ করা প্রায় ৬৫ একর জমি এখনো উদ্ধার হয়নি। সরকারি ও ব্যক্তিমালিকানার এসব জমির নিয়ন্ত্রণ এখন আসলামুল হকের ভাই মফিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইসলামের হাতে।
আসলামুল হক ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২১ সালের এপ্রিল মাসে করোনায় মারা যাওয়া আগপর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে জমি দখলের বেশ কিছু অভিযোগ ছিল।
দখল করা সেসব জমির এখনকার নিয়ন্ত্রকদের একজন আসলামুল হকের ভাই মফিজুল হক ওরফে বেবু জাতীয় পার্টির (জেপি) সভাপতিমণ্ডলীর সদস্য। আর মো. ইসলাম দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
জাতীয় নদী রক্ষা কমিশন আসলামুল হকের দখল করা বিদ্যুৎকেন্দ্রের ৫৪ একর জমির মধ্যে শুধু নদীর তীরের ১৩ একর জমি উদ্ধার দাবি করছে। বিদ্যুৎকেন্দ্রের বাকি ৪১ একর ও রাজধানীর একাধিক স্থানে আসলামুল হকের দখলে থাকা ২৪ একর জমিসহ মোট ৬৫ একর জমি এখনো উদ্ধার করা যায়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে।
জানতে চাইলে মফিজুল হক প্রয়াত আসলামুলের দখল করা একটি জমির সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন। আর মো. ইসলাম বলেছেন, তিনি আসলামুল হকের সহকারী ছিলেন। ঘনিষ্ঠজন হিসেবে তাঁর জমিজমা তত্ত্বাবধান করেন তিনি।
বিদ্যুৎকেন্দ্র ও ইকোনমিক জোন
মোহাম্মদপুরের বছিলা সেতু পার হয়ে প্রধান সড়ক ধরে কিছু দূর গেলে সড়কের উত্তর দিকে বুড়িগঙ্গার তীর ঘেঁষে সাভার থানার কেরানীগঞ্জের ওয়াশপুরের মধ্যচর, ঘাটারচর মৌজা, সাভারের শ্যামলাপুর তুরাগ ও বুড়িগঙ্গার সীমানাসহ প্রায় ১০০ একর জায়গা দখল করে ‘আরিশা প্রাইভেট ইকোনমিক জোন’ এবং মায়িশা গ্রুপের ‘ওয়েস্ট পাওয়ার লিমিটেড’ নামের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তুলেছিলেন আসলামুল হক।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, বিশাল এলাকাজুড়ে গড়ে ওঠা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের চারদিকে উঁচু সীমানাপ্রাচীর। এর ভেতরে একাধিক টিনশেড। সেখানে লাগানো বিভিন্ন ধরনের গাছও বেশ বড় হয়েছে। প্রধান ফটক লাগিয়ে ভেতরে সজীব মাহমুদ নামের একজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পরিচয় পাওয়ার পর প্রধান ফটক খুলে তিনি জানান, অনেক দিন ধরে এখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আসলামুল হকের মালিকানার মায়িশা গ্রুপ ঢাকার ধানমন্ডি কার্যালয় থেকে এই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র তত্ত্বাবধান করে।
২০২০ সালে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিবেদন বলা হয়, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আসলামুল হক বুড়িগঙ্গা নদী ও তুরাগ নদের জায়গা দখল করে অর্থনৈতিক অঞ্চল এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছেন। দখল করা জায়গার মধ্যে জলাশয়ও রয়েছে। সব মিলিয়ে দখলের মোট পরিমাণ ৫৪ একরের বেশি। ওই সব স্থাপনাকে অবৈধ চিহ্নিত করে ২০২০ সালের ২০ মার্চ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধা দেন আসলামুল হক।
পরে আসলামুল হক আদালতের শরণাপন্ন হন এবং একই সঙ্গে তাঁর দখলে থাকা জমি বুড়িগঙ্গা বা তুরাগের সীমানার মধ্যে পড়েছে কি না, তা নির্ধারণ করতে যৌথ জরিপ পরিচালনার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনে আবেদন করেন। আদালতের নির্দেশ এবং সংসদ সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি, জরিপ ও পরিদর্শন শেষে জাতীয় নদী রক্ষা কমিশন নিশ্চিত হয়, ওই সব স্থাপনা অবৈধ। সরকারের আটটি সংস্থার সমন্বয়ে কমিশন জরিপ করে। জরিপে উঠে আসা ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের ১১ নভেম্বর একটি প্রতিবেদন তৈরি করে কমিশন। কমিশন অবৈধ দখল উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার জন্য ওই বছরের ২৩ নভেম্বর বিআইডব্লিউটিএকে চিঠি দেয়।
বিদ্যুৎকেন্দ্র, কারখানা, জেটিসহ অন্যান্য স্থাপনা সরিয়ে জমিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার সুপারিশ করে কমিশন। এ ক্ষেত্রে সংসদ সদস্য আসলামুল হক তা সরিয়ে নিতে ব্যর্থ হলে বা অনীহা প্রকাশ করলে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে এবং এর যাবতীয় ব্যয়ভার সংসদ সদস্যকে বহন করতে হবে বলে মত দেয় নদী রক্ষা কমিশন। এ ছাড়া দখল করা এই জমি ছাড়াও বুড়িগঙ্গা নদী রক্ষার স্বার্থে এর উজানে ভরাট করা অবশিষ্ট জমিও অবিলম্বে উদ্ধার করার সুপারিশ করে কমিশন।
এই উদ্ধার কার্যক্রমের কী অবস্থা, সে বিষয়ে জানতে চাইলে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী সম্প্রতি প্রথম আলোকে বলেন, আসলামুল হক জীবিত থাকাকালেই তাঁর দখলে থাকা নদীর তীরের জমি উদ্ধার করা হয়েছে। তবে তাঁর দখলে থাকা বাকি জমি উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন বিস্তারিত বলতে পারবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আলমগীর হোসেন প্রথম আলাকে বলেন, নদীর তীর থেকে ৫০ মিটার পর্যন্ত এলাকা বিআইডব্লিউটিএর অধীন। প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক এই এলাকা দখল করে যে বিদ্যুৎকেন্দ্রের স্থাপনা গড়ে তুলেছিলেন, তার ৯৫ শতাংশ উচ্ছেদ করা হয়েছে। বাকি ৫ শতাংশ স্থাপনা নিয়ে আদালতে একাধিক মামলা ও হাইকোর্টের স্থগিতাদেশ আছে। এসব মামলা মাসখানেকের মধ্য নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। তখন বাকি ৫ শতাংশ স্থাপনাও উচ্ছেদ করা হবে।
আর ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনার কারণে ও আসলামুল হকের মৃত্যুতে বেদখল হয়ে থাকা জমি উদ্ধার করা যায়নি। তাঁরা শিগগির বিদ্যুৎকেন্দ্রে যাবেন। এই দখলের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের স্বেচ্ছায় চলে যেতে বলবেন। এরপরও তাঁরা না গেলে উচ্ছেদ করা হবে।
আসলামুল হক এই দুই প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি জমি ছাড়াও সাধারণ মানুষের জমি দখল করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওয়াশপুরের বাসিন্দা বৃদ্ধা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নামমাত্র দাম দিয়ে তাঁদের সাত ভাইয়ের দুই বিঘা জমি আসলামুল হক দলিল করে নিয়েছিলেন। বাকি ছয় বিঘা জমির দাম না দিয়েই তা দখল করে নেন। মো. রনি নামের ওই এলাকার আরেক ব্যক্তি অভিযোগ করেন, আসলামুল হক নামমাত্র দামে এক বিঘা জমি দলিল করে নিয়েছিলেন। বাকি ৯১ শতাংশ জমির দাম না দিয়ে দখল করে নেন। নুরুল ইসলাম ও রনির মতো শতাধিক ব্যক্তির দাবি, আসলামুল হক তাঁদের জমি দখল করে বিদ্যুৎ উপকেন্দ্র গড়ে তুলেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে আসলামুল হকের বড় ভাই মফিজুল হক গত ৪ সেপ্টেম্বর প্রথম আলোকে বলেন, সরকার আসলামের করা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বাতিল করে দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের জমি আসলামের কেনা। সেটা এখন আসলামের স্ত্রীর নিয়ন্ত্রণে।
আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক মায়িশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। জমি দখল নিয়ে বক্তব্যের জন্য তাঁর মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। পরে তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
মুক্তিযোদ্ধাদের জমি এখনো বেদখল
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সীমানা দেয়ালের দক্ষিণ পাশে এবং ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার নামে বরাদ্দকৃত ২৩ একর ২৩ শতাংশ জমি আসলামুল হক ২০১১ সালে দখল করে নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ১২ বছরেও সেই জমি উদ্ধার হয়নি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার ভাইস চেয়ারম্যান মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ৫ মে আসলামুল হক দলবল নিয়ে মুক্তিযোদ্ধাদের ওই জমি দখল করে নেন। সে সময় তাঁকে ও সংস্থার মহাসচিব হাবিবুর রহমানকে মারধরও করা হয়। এরপর আসলামুল হকের ব্যক্তিগত সহকারী মো. ইসলাম তাঁদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা করেন। এ সময় আসলামুল হক তাঁদের কার্যালয়টি ভেঙে দেন। মশিউর আরও বলেন, চাঁদাবাজির মামলায় তাঁরা জামিন পেয়েছেন। তবে এখনো হাজিরা দিতে হচ্ছে।
ওই মো. ইসলামই এখন তাঁদের সংস্থার নামে বরাদ্দকৃত জমি নিয়ন্ত্রণ করছেন বলে জানান মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার মহাসচিব মো. হাবিবুর রহমান। নাম প্রকাশ না করার শর্তে দারুস সালাম থানা আওয়ামী লীগের একজন নেতাও প্রথম আলোকে এসব তথ্য জানান।
এ ব্যাপারে জানতে চাইলে মো. ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি আসলামুল হকের ব্যক্তিগত সহকারী এবং ছোট ভাই। আসলামুল হকের লিগ্যাল (বৈধ) সব জমি আমিই তত্ত্বাবধান করি। আর মুক্তিযোদ্ধাদের জমি বলতে কিছু নেই। ওটা সরকারি জমি এবং সেখানে সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।’
নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০০০ সালের ২৩ মার্চ সরকারের কাছ থেকে ২৩ একর ২৩ শতাংশ জমি ৯৯ বছরের জন্য ইজারা (লিজ) নেয় মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থা। সম্প্রতি সরেজমিন দেখা যায়, বেদখল হওয়া জমির একাংশে (পশ্চিম দিকে) দারুস সালাম সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছয়তলা ভবন। এক একর জমি নিয়ে গড়ে ওঠা এই স্কুলের সীমানাপ্রাচীর দেওয়া হয়েছে। এর পশ্চিম-দক্ষিণ পাশে সীমানাপ্রাচীরের ভেতরে রয়েছে পুলিশের দারুস সালাম জোনের সহকারী কমিশনারের কার্যালয়। আর স্কুলের পূর্ব পাশে জমির একাংশে ইট-বালু ও খোয়া রেখে বিক্রি করা হচ্ছে। পাশে টিনের ছাউনিতে বাসাবাড়ির ময়লার ভাগাড়। অপর অংশে রিকশা ও টেম্পোর গ্যারেজ, পাশেই টিনের ছাউনির ছাপরাঘর। সেখানে বালুর স্তূপের পাশে চেয়ার পেতে বসে ছিলেন তরুণ রাকিব হোসেন ও তাঁর আরেক সহকর্মী। তাঁরা বলেন, তাঁরা আবুল বাশার নামের একজনের কর্মচারী। বাশার এই জায়গা ভাড়া নিয়ে ইট, বালু ও খোয়ার ব্যবসা করছেন।
মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার জমিতে কীভাবে বিদ্যালয় ও পুলিশের কার্যালয় হলো, সে প্রশ্নের জবাবে সংস্থার মহাসচিব মো. হাবিবুর রহমান বলেন, এই জমি নিজেদের দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন হাইকোর্টে রিট আবেদন করেছিল। মীমাংসা না হওয়া পর্যন্ত সেখানে কোনো স্থাপনা না করতে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য করে স্কুল ভবন নির্মাণ করেছিলেন আসলামুল হক। একই সময় দারুস সালাম অঞ্চলের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় গড়ে ওঠে। তিনি বলেন, রিটের রায় তাঁদের পক্ষে আছে। এখন আইনি পন্থায় মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার জমি উদ্ধারে পদক্ষেপ নেবেন।
আকতারের ৯০ শতাংশ জমি
রাজধানীর গাবতলীর বাসিন্দা মো. আকতার হোসেন দাবি করেছেন, তাঁর ৯০ শতাংশ জমি আসলামুল দখল করে নিয়েছিলেন। গাবতলী বাস টার্মিনালের উত্তর-পূর্ব দিকে প্রধান সড়কের পাশে এই জমির অবস্থান। সম্প্রতি সরেজমিন দেখা যায়, গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকের সীমানা দেয়াল ঘেঁষে বিভিন্ন পরিবহনের টিকিট বিক্রির কাউন্টার এবং আরও কিছু প্রতিষ্ঠানের কার্যালয়। এর পেছনে বেদখল হওয়া জমি।
নথিপত্রে দেখা যায়, ২০০৭ সালে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালত রায়ে এই ৯০ শতাংশ জমির মালিক হিসেবে মো. আক্তার হোসেন গংদের উল্লেখ করেছেন। এরপর আক্তার হোসেন গংরা ওই বছরই সিটি জরিপের হালনাগাদ ১১৭, ১১৯ ও ১২০ নম্বর দাগের ৯০ শতাংশ জমি নামজারি করার জন্য মিরপুর সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদন করেছিলেন।
আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ২০১৭ সালে তিনি চিকিৎসার জন্য বিদেশে যান। ফিরে এসে দেখেন আসলামুল হক তাঁর জমি দখল করে নিয়েছেন। তখন আসলামুল হকের বিরুদ্ধে তিনি দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। তবে পুলিশ আসলামুল হকের নাম বাদ দিয়ে ওই জিডি গ্রহণ করে। আকতার বলেন, আদালতের রায়ে তিনি এই জমির মালিকানা পেয়েছেন। জমির ওপর এখন আদালতের স্থিতাবস্থা আছে। আইনি পন্থায় তিনি ওই জমি উদ্ধার করবেন।
এ বিষয়ে আসলামুল হকের বড় ভাই মফিজুল হক প্রথম আলোকে বলেন, আক্তার হোসেন তাঁর মামাতো ভাই। নন্দারবাগ মৌজার ৯০ শতাংশ জমি তাঁদের পারিবারিক সম্পত্তি। সরকারের কাছ থেকে আক্তার এই জমি বুঝে নিতে পারলে তাঁর কোনো আপত্তি থাকবে না।
প্রবাসীর জমি উদ্ধার হয়নি
আসলামুল হক মিরপুরে সরকারি বাঙলা কলেজের পেছনে যুক্তরাষ্ট্রপ্রবাসী আমিনুল ইসলামের ৩৭ শতাংশ জমি দখল করে নিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমিনুল ইসলাম সম্প্রতি প্রথম আলোকে বলেন, তাঁর জমির পাশে তাঁর ভাগনির জমি। আসলাম ভাগনির জমি কিনে নেন। এর সঙ্গে তাঁর ৩৭ শতাংশ জমিও দখল করে নেন। কিন্তু এখন পর্যন্ত ওই জমি উদ্ধার করতে পারেননি তিনি। এ নিয়ে আসলামের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে চারটি মামলা করেছেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে আসলামুল হকের সহযোগী ইসলাম বলেন, ওই ৩৭ শতাংশ জমি তিনি প্রতি মাসে দুই লাখ টাকায় ভাড়া নিয়ে বোতল কারখানা গড়ে তুলেছেন। ভাড়ার দেড় লাখ টাকা আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক এবং বাকি ৫০ হাজার টাকা আসলামুল হকের ভাই মফিজুল হকের হাতে তুলে দেন।