নদী থেকে আরও একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে গত সাত দিনে দেশের নদ–নদী থেকে মোট ১৮টি লাশ উদ্ধার হলো।
আজ শুক্রবার সকালে যোগাযোগ করা হলে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলের দিকে অজ্ঞাতপরিচয় ওই নারী পোস্তগোলা ব্রিজ থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেন। নদীতে থাকা নৌকার মাঝিরা দেখতে পেয়ে নৌ পুলিশের হাসনাবাদ ফাঁড়িতে খবর দেন। পরে নৌ পুলিশ এসে রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
আবদুল্লাহ আল মামুন বলেন, ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরনে রয়েছে লাল–কালো রঙের ছাপার সুতির শাড়ি এবং নেভি ব্লু ব্লাউজ। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।