হামলা-ভাঙচুরের শিকার হয়েছে মোহাম্মদপুরের সিটি হাসপাতাল
হামলা-ভাঙচুরের শিকার হয়েছে মোহাম্মদপুরের সিটি হাসপাতাল

মোহাম্মদপুর সিটি হাসপাতাল: চিকিৎসা বিলে বেশি ছাড় না দেওয়ায় হামলা-ভাঙচুর

চিকিৎসা বিলে কেন বেশি ছাড় দেওয়া হলো না, তা নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল তরুণ এই হামলা চালিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

বুধবার রাতে হাসপাতালটির মার্কেটিং বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান খান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে তাঁদের হাসপাতালে এই হামলা হয়। তিনি প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে আসমা বেগম নামের এক রোগী ঠোঁটের চিকিৎসা করাতে আসেন। চিকিৎসা শেষে ৫ হাজার টাকা বিল আসে। পরে রোগীর স্বজনেরা বিলের ওপর ছাড় দেওয়ার অনুরোধ জানান। হাসপাতাল কর্তৃপক্ষ ২ হাজার টাকা কমিয়ে ৩ হাজার টাকা বিল নির্ধারণ করেন। তারপরও তাঁরা আরও কমানোর অনুরোধ জানান। একপর্যায়ে ৩০০ টাকা কমিয়ে ২ হাজার ৭০০ টাকা বিল করা হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, এই টাকাও তাঁরা দিতে আপত্তি জানান। পরে আর কমানো যাবে না বলে ওই রোগীকে জানানো হলে তিনি বিল পরিশোধ করে চলে যান। এর কিছুক্ষণ পরেই গ্রাফিকস আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল যুবক হাসপাতালটিতে আসেন। কেন বিল আরও কমানো হবে না, এই বলে তাঁরা হাসপাতালের নিচতলায় ভাঙচুর শুরু করেন। নিচতলার কাচ, বসার জায়গা, অভ্যর্থনাকক্ষে ভাঙচুর করেন তাঁরা।

হাসপাতালটির এই কর্মকর্তা আরও বলেন, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই এসে হামলা চালানো হয়। তাঁদের ধারণা, ভাঙচুর করা যুবকেরা কলেজটির আবাসিক হলের ছাত্র। এই হামলা পরিকল্পিত বলেও অভিযোগ করেন তিনি।

বিলে বেশি ছাড় না দেওয়ায় হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে

হাসপাতাল সূত্রে জানা যায়, এ ঘটনায় বুধবার সকালে মোহাম্মদপুর থানা-পুলিশের সদস্যরা হাসপাতালটি পরিদর্শন করেন। র‍্যাব সদস্যরাও পরিদর্শন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। অবশ্য নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের এক কর্মকর্তা বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। তাঁরা যাচাই-বাছাই করে দেখছেন। এখনো মামলা হয়নি।