রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে এই বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে এই বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে

মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। পুলিশ বলেছে, নিষ্ক্রিয় করা বোমাটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।

ডিএমপি সূত্র জানায়, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচে সড়কে একটি ছাতার ভেতরে একটি বোমা রাখা ছিল। এটি দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই ছাতার ভেতরে রাখা হয়েছিল বোমাটি। আজ শুক্রবার সন্ধ্যায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী প্রথম আলোকে বলেন, উদ্ধার করা বোমাটি আইইডি প্রকৃতির। পরে সেটি সেখান থেকে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।

বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বোমাটি নিষ্ক্রিয় করছে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল। আজ শুক্রবার সন্ধ্যায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে

জানতে চাইলে মেট্রোরেল পুলিশের (এমআরটি) উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি প্রতিবেদন তৈরি করতে ব্যস্ত আছেন। এ নিয়ে কথা বলতে পারবেন না।

তবে এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মেট্রোরেল স্টেশনের নিচের সড়কের পাশ থেকে বোমা উদ্ধার হয়েছে। তাই সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।