
নাম ধরে ডাকার কারণে কলেজশিক্ষার্থী আশফাকুর রহমান চৌধুরী ও তাঁর দুই বন্ধুর সঙ্গে কথা–কাটাকাটি হয় রকির (২২)। একপর্যায়ে পকেটে থাকা ছুরি দিয়ে তিনজনকে আঘাত করেন রকি। এতে মারা যান আশফাকুর রহমান। আহত হন তাঁর দুই বন্ধু রূপন ও সোয়েব।
গতকাল রোববার ঢাকার মেরুল বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, রকি স্থানীয় একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। কয়েক দিন আগে নাম ধরে ডাকা নিয়ে তাঁদের কথা–কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে গতকাল রকির ছুরিকাঘাতে মারা যান কলেজশিক্ষার্থী।
আবুল কালাম আজাদ বলেন, মামলায় রকিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন।