
রাজধানীর কাফরুল থানায় হওয়া অপহরণ ও ছিনতাই মামলার এক পলাতক আসামিকে পাঁচ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার কাফরুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. শাহাদাত হোসেন (৩৮)। সিআইডি বলেছে, শাহাদাত হোসেন পাঁচ বছর আত্মগোপনে ছিলেন।
মামলার বরাত দিয়ে সিআইডি জানায়, ২০২১ সালের ৬ ডিসেম্বর ঢাকার মহাখালী এলাকার ইউসুফ লাইন পার্কের সামনে থেকে এক নারীকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে মারধর করা হয় এবং তাঁর কাছ থেকে ল্যাপটপ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে সিলেটে নেওয়ার চেষ্টা করা হলেও পরে ফার্মগেট এলাকায় তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। ওই ঘটনায় হওয়া মামলায় প্রথমে একজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও অপর দুজনকে শনাক্ত করা যায়নি। পরে ২০২৩ সালে আদালতের নির্দেশে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডি।
সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে জানা যায়, নতুন করে গ্রেপ্তার হওয়া শাহাদাত হোসেন ঘটনার দিন ব্যবহৃত প্রাইভেট কারটির চালক ছিলেন এবং এজাহারভুক্ত আসামির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। নারীকে অপহরণের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত হোসেন অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।