
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু মুসলিম মোহাম্মদ আলীকে (৭০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাজধানীর ডেমরা এলাকায় র্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৩।
র্যাব জানায়, গ্রেপ্তার মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ রয়েছে। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। শান্তি কমিটির সক্রিয় সদস্য হিসেবে লুটপাট ও বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম জড়িত ছিলেন। ওই সময় শান্তি কমিটির গাইবান্ধা জেলার প্রধান মমতাজ উদ্দিনের নেতৃত্বে এসব অপরাধে জড়িত ছিলেন তিনি।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ছয় মাসে যুদ্ধাপরাধসহ বিভিন্ন অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের বিরুদ্ধে ৯৯টি অভিযান পরিচালনা করেছে র্যাব। এসব অভিযানে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, ১৯৭১ সালের ৯ অক্টোবর পূর্বশত্রুতার জেরে শান্তি কমিটির দুর্ধর্ষ ডাকাত মো. আবদুর রহিম ও গ্রেপ্তার মোহাম্মদ আলীর নেতৃত্বে আবু সালেহ, আবদুল লতিফ, রুহুল আমিন, নাজমুলসহ আরও কয়েকজন কুখ্যাত রাজাকার পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে গাইবান্ধার মালিবাড়ি গ্রামের গণেষ চন্দ্র বর্মণের বাড়িতে হামলা করেন ও লুটপাট চালান। তাঁরা বাড়ির সদস্যদের ওপর নির্মম নির্যাতন চালান। অগ্নিসংযোগের মাধ্যমে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
হামলা ও লুটপাটের পরে গণেষ চন্দ্র বর্মণকে তাঁর স্ত্রী ছেলে, বন্ধু আকবর আলী এবং প্রতিবেশী সবাইকে মারধর করে দরিয়াপুর সেতু এলাকায় নিয়ে যান তাঁরা। সেখানে নিয়ে যাওয়ার পর গণেষ চন্দ্র বর্মণের হাত-পা বেঁধে মুখ ও সারা শরীরে নৃশংসভাবে আঘাত করেন অভিযুক্ত ব্যক্তিরা। তাঁদের আঘাতে গণেষ মারা যান। এরপর তাঁর মুখ বিকৃত করে দেওয়া হয়। এরপরে গণেষের মৃতদেহের সঙ্গে ইট ও পাথর বেঁধে এমনভাবে নদীতে ডুবিয়ে দেয় যাতে লাশ ভেসে উঠতে না পারে।