প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার তাঁদের চারজনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং অন্যজনকে ৫০০ টাকা জরিমানা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এই পাঁচ ব্যক্তি হলেন মো. ইব্রাহিম (৩২), মো. সাখাওয়াত হোসেন ওরফে নিয়ন (২৯), মো. আল আমিন (৪২), মো. নয়ন (১৯) ও মো. রেজোয়ান শেখ (৫০)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ইয়াবা বড়ি, কাগজে মোড়ানো ৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক আদালত চারজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা জরিমানা করেন।

তালেবুর রহমান আরও বলেন, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, উত্ত্যক্ত করা এবং রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধের ঘটনায় নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ডিএমপি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।