
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের মধ্যে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতার বিরুদ্ধে চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনে ককটেল জোগান দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাজধানীর লালবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ইফতেখার চৌধুরী (৩৩), কার্যক্রম নিষিদ্ধ যাত্রাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম ওরফে বাদল (৩৯) এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ (৫৮)।
ডিএমপির লালবাগ থানা-পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে ইফতেখার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ছাড়াও সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক ছিলেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন তিনি। লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে আজ যাত্রাবাড়ী এলাকা থেকে আবুল হাসেম ওরফে বাদলকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। পুলিশের ভাষ্য, যাত্রাবাড়ীর জনপথ মোড় এলাকা থেকে এর আগে ককটেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল সরবরাহের সঙ্গে আবুল হাসেমের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, যুবলীগ নেতা আবুল হাসেম চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক এবং ককটেলের জোগানদাতা হিসেবে কাজ করছিলেন। তিনি শেখ হাসিনা বিপ্লবী পরিষদের সাংগঠনিক সম্পাদকও।
এ ছাড়া পুলিশ জানিয়েছে, আজ বেলা সাড়ে তিনটার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী লেনের নিজ বাসায় অভিযান চালিয়ে আনোয়ার পারভেজকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইফতেখারকে আদালতে পাঠানো হয়েছে। আবুল হাসেম ও আনোয়ার পারভেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।