প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনীতে প্রবেশের চেষ্টা, মোটরসাইকেলচালক পুলিশি হেফাজতে

রাজধানীর ফার্মগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তাবেষ্টনীতে প্রবেশ করার চেষ্টার অভিযোগে এক মোটরসাইকেলচালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ শনিবার বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পরে এ ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান। তবে তাৎক্ষণিক ওই ব্যক্তির নাম জানাতে পারেননি ওসি।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওসি মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপলক্ষে খামারবাড়ি মোড়ে পুলিশের নিরাপত্তাবেষ্টনী ছিল। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে আসা এবং জনসমাগম নির্বিঘ্ন করতে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটের দিকে যেতে সড়কের বাঁ পাশের লেনটি বন্ধ করে দেওয়া হয়। তবে ডান পাশ দিয়ে ফার্মগেটের দিকে যাওয়ার লেনে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তাঁর কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে। প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশের পরেই মোড় থেকে বাঁ দিকের লেনে প্রবেশের চেষ্টা করেন ওই মোটরসাইকেলচালক। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে বাধা দিলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলবেন জানান। পরে মোটরসাইকেলসহ তাঁকে হেফাজতে নেয় তেজগাঁও থানা–পুলিশ।

ওসি মুনিরুজ্জামান আরও বলেন, ওই ব্যক্তির গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। মোহাম্মদপুরে থাকেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ফার্মগেটে যাচ্ছিলেন তিনি। ফার্মগেট যাওয়ার জন্য ডান দিকের লেন স্বাভাবিক থাকা সত্ত্বেও তিনি বাঁ দিকের লেনে প্রবেশের চেষ্টা করেন।

তেজগাঁও থানার ওসি বলেন, ইতিমধ্যে ওই যুবকের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করেছে পুলিশ। তবে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরও জিজ্ঞাসাবাদ ও সবকিছু যাচাই-বাছাই শেষে তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।