বিভিন্ন অপরাধে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত
বিভিন্ন অপরাধে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত

ছিনতাইসহ বিভিন্ন অপরাধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনের দণ্ড

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদক সেবন, মুঠোফোন ছিনতাই, চুরি ও অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার ২৪ জনকে আজ মঙ্গলবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

এর আগে আজ নগরীর মিরপুর মডেল, দারুস সালাম, কাফরুল, ভাষানটেক, রূপনগর, শাহআলী ও পল্লবী থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এসব অপরাধে জড়িত অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৬টি মামলা করা হয় এবং অপরাধের ধরন অনুযায়ী তাঁদের সাজা দেওয়া হয়। এই সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.বিলাল হোসাইন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক সেবন, নারীদের উত্ত্যক্ত করা এবং রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধগুলো নিয়মিত সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।

রাতে যোগাযোগ করা হলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।