জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনাল আদেশ না দিয়ে আগামী ১১ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন।
এই মামলায় মোট আসামি ২৬ জন। এর মধ্যে কারাগারে থাকা আট আসামিকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, সাবেক কনস্টেবল হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী এবং আওয়ামী লীগ নেতাদের সহযোগী দেলোয়ার হোসেন, মো. শাহ আলম ও মো. ইরফানুল হক গাজী।
মামলার বাকি ১৮ আসামি পলাতক। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, সাবেক এসি সুমন কর এবং উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বি এম ফরমান আলী রয়েছেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় দুটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় মুগ্ধসহ সাতজনকে হত্যা করা হয়। পরদিন ১৯ জুলাই উত্তরায় আরও চারজনকে গুলি করে হত্যা করা হয়।
গণ–অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনেহিঁচড়ে ফেলে দিয়ে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে তা হয়নি। ট্রাইব্যুনাল–২ আগামী ১৮ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৯ জন আসামি রয়েছেন।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরও কয়েকটি মামলার অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানো হয়। সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন ও মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ২৩ নভেম্বর করা হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল–২–এ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। আগামী ২৭ অক্টোবর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করা হয়েছে।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও একই বিভাগের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ৬ অক্টোবর। গ্রেপ্তার হওয়া আসামি জাহাংগীর আলমকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অপর আসামি ধনঞ্জয় কুমার গ্রেপ্তার হয়েছেন কি না, সে বিষয়ে প্রতিবেদন না আসায় ৬ অক্টোবর তা জমা দিতে বলা হয়েছে।