ব্যাংকে ঢুকে টাকা ছিনতাইয়ের মামলায় দুই কনস্টেবলসহ পাঁচজন রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি: প্রথম আলো

রাজধানীতে বেসরকারি একটি ব্যাংকের পল্টন শাখা থেকে এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় দুই কনস্টেবলসহ পাঁচজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শুক্রবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। তিনি আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আসিফ ইকবাল এবং তাঁদের তিন সহযোগী মো. শাহজাহান, মো. হৃদয় ও মো. রাসেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের এক কর্মচারী ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় জমা দিতে যান। সেখানে পোশাকধারী দুই পুলিশ সদস্য ‘ওয়ারেন্ট’ আছে বলে তাঁকে ব্যাংকের বাইরে এনে ব্যাগটি নিয়ে নেন। এরপর তাঁকে একটি মোটরসাইকেলে বসিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেন। ব্যবসায়ী মামুন ঘটনাটি পুলিশকে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য মাহবুব ও আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে বাসাবো থেকে শাহজাহান ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। রাসেলের বাসা থেকে বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

ওসি সালাউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না ও আসামিরা আগে আরও ছিনতাই করেছেন কি না, জানার চেষ্টা চলছে।