
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক দম্পতিকে মারধর ও হেনস্তা করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলার আসামি আরেক ছাত্রলীগ নেতার সন্ধান চলছে।
কারাগারে পাঠানো ওই ছাত্রলীগ নেতার নাম তানজির আরাফাত ওরফে তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর পলাতক রাহুল রায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সহসম্পাদক।
১৫ জানুয়ারি রাতে ওই ছিনতাইয়ের অভিযোগে গত মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন এক নারী (২৮)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। স্বামীর সঙ্গে তিনি মগবাজারের একটি বাসায় ভাড়া থাকেন। তাঁদের গ্রামের বাড়ি ঝালকাঠির সদর উপজেলায়।
মামলার এজাহারে ওই নারী বলেন, ১৫ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তিনি ও তাঁর স্বামী সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন–সংলগ্ন ফটকের সামনে দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় রাহুল, তুষারসহ অজ্ঞাতনামা পাঁচ–ছয়জন তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় রাহুল তাঁকে শ্লীলতাহানি করেন। পরে তুষারসহ কয়েকজন তাঁর স্বামীকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন।
মারধরের একপর্যায়ে রাহুল তাঁর স্বামীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করেছেন ওই নারী। তিনি বলেন, ‘আমি চিৎকার–চেঁচামেচি করে শাহবাগ থানায় গেলে থানা থেকে উপপরিদর্শক আলামিন ও কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে আমার স্বামীর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেন।’
এ ঘটনায় গ্রেপ্তার তানজির আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ। তিনি প্রথম আলোকে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মামলার তদন্তও চলমান।
জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘তানজির আরাফাত নিজেই আত্মসমর্পণ করেছেন। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যে পরিচয়ই থাক না কেন, কেউ অপরাধ করলে সে একজন অপরাধী এবং অপরাধের জন্য তাকে শাস্তি পেতেই হবে। কিন্তু অপরাধ না করে থাকলে তার সঙ্গে যেন কোনো অন্যায় না হয়, আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি সেই আহ্বান থাকবে।’