ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ

থানায় নিয়ে নির্যাতন, ওসির বিরুদ্ধে মুস্তাকিমের মামলা

কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে ১০ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে সড়ক অবরোধ করেন রোগী ও স্বজনেরা। এক পর্যায়ে পুলিশ তাঁদের কয়েকজনকে মারধর করে সেখান থেকে উঠিয়ে দেয়
ফাইল ছবি

কিডনি রোগী মায়ের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার যুবককে থানায় নির্যাতনের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার ও উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেসার আদালতে মামলা নেওয়ার আবেদনটি করেন ভুক্তভোগী যুবক মোহাম্মদ মুস্তাকিম। সন্ধ্যায় আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁর পরিবারকে নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, নির্যাতনের বিষয়টি প্রকাশ না করতে মুস্তাকিমকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। এ জন্য ভয়ে এত দিন মামলা করেননি।

মুস্তাকিমকে আইনি সহায়তা দিচ্ছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সংগঠনের মহাসচিব জিয়া হাবিব আহসান প্রথম আলোকে বলেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয়, এমন কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বলা হয়েছে।

মামলার পাশাপাশি মুস্তাকিমের নিরাপত্তা চেয়ে আরেকটি আবেদন করা হয় আদালতে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন আদালত। শুনানিতে মুস্তাকিমের পক্ষে ব্লাস্ট চট্টগ্রামের সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরীসহ অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গেলে পুলিশ টেনেহিঁচড়ে মুস্তাকিমকে ধরে নিয়ে যায়। পরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে। ঘটনার দিন থানায় নিয়ে যাওয়ার পর মুস্তাকিমকে লাঠি দিয়ে পেটানো হয় ওসির নির্দেশে। একটি নির্জন কক্ষে তাঁকে আটকে রেখে ওসির নির্দেশে আব্দুল মজিদ মারধর করেন। ওই সময় তাঁকে বলা হয় ‘ওসি স্যারের সঙ্গে আর বেয়াদবি করবি। ‘তোরে রিমান্ডে এনে আরও পিটাতে হবে। তারপর বুঝবি পুলিশ কী জিনিস।’ ওই সময় মুস্তাকিম পুলিশ কর্মকর্তাদের জানিয়েছিলেন তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, তিনি গাউছিয়া কমিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী। তখন তাঁকে বলা হয় ‘তুই জঙ্গি’।

মামলার অভিযোগে আরও বলা হয়, পুলিশের নির্যাতনে তাঁর পায়ের গোড়ালি থেকে কোমরের নিচ পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে লাল দাগ হয়ে যায়। দুই দিন তাঁর প্রস্রাব বন্ধ থাকে। পরে প্রস্রাব হলে সঙ্গে রক্ত যায়। নির্যাতনের বিষয়গুলো প্রকাশ করলে ক্রসফায়ারের হুমকি দেয় পুলিশ মুস্তাকিমকে। এ জন্য ভয়ে এত দিন মুখ খোলেননি। মুস্তাকিমের মা বিধবা নাসরিন আক্তার আট বছর ধরে ডায়ালাইসিস করে আসছেন। মুস্তাকিমের টিউশনির টাকায় তাঁর মায়ের ডায়ালাইসিস খরচ জোগাড় হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে সরে যেতে বললে মুস্তাকিম তাঁর হাতে থাকা মুঠোফোন ধাক্কা দিয়ে ফেলে দেন। রোগীর স্বজনদের উসকানি দেওয়ায় তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো নির্যাতন করা হয়নি। আর মুস্তাকিমের মাকে লাথি মারেননি। ঘটনার সময় তাঁর মা ডায়ালাইসিস করাচ্ছিলেন।

ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশ উল্টো পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করে। মামলায় মো. মুস্তাকিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

১৩ জানুয়ারি প্রথম আলোতে ‘ডায়ালাইসিসের খরচ জোগানো একমাত্র ছেলেটি জেলে, দিশাহারা মা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন মুস্তাকিমের জামিনের জন্য লড়ে। ১৫ জানুয়ারি মুস্তাকিম জামিনে মুক্তি পান কারাগার থেকে। পরের দিন তিনি গণমাধ্যমের কাছে পুলিশি হেফাজতে তাঁকে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন।

চট্টগ্রাম মেডিকেলে স্যানডোর এত দিন দুটি মূল্যে ডায়ালাইসিস সেবা দিত। এর মধ্যে ভর্তুকির যে সেবা দিত, তার মূল্য ছিল ৫১০ টাকা। তা বেড়ে ৫৩৫ টাকা হয়েছে। এ ছাড়া ভর্তুকি ছাড়া ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালাত, তা করা হয় ২ হাজার ৯৩৫ টাকা।