
মানব পাচার ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত রোহিঙ্গা ও বাংলাদেশিদের তালিকা তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে একটি সমন্বিত তালিকা তৈরির কাজ চলছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির এই বৈঠক হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদীয় কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই তালিকা করার সুপারিশ করেছিল। বৈঠকে এ বিষয়ে অগ্রগতি জানায় মন্ত্রণালয়। তাতে বলা হয়, মানব পাচারকারী, অবৈধ মাদক ব্যবসায়ী সব রোহিঙ্গা এবং মাদক ব্যবসায় জড়িত বাংলাদেশিদের তালিকা তৈরির বিষয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে মাদক ব্যবসায়ীদের একটি সমন্বিত তালিকা তৈরির কার্যক্রম চলছে। কক্সবাজার ও টেকনাফে ইয়াবাবিরোধী টাক্সফোর্সের সভা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। সভায় এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা এবং কক্সবাজার জেলাকে মাদকপ্রবণ এলাকা ঘোষণা করার বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। রোববারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি তুলে ধরা হয়। তাতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হিসেবে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে মতবিনিময় করে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা এবং কক্সবাজার জেলাকে মাদকপ্রবণ এলাকা ঘোষণা করার বিষয়ে একটি রূপরেখা তৈরির সিদ্ধান্ত হয়। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
কমিটির সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সামছুল আলম, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ ও রুমানা আলী বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে মাদক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে ইয়াবা ও ক্রিস্টাল মেথ, ভারত থেকে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও ইনজেক্টিক ড্রাগের বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে। আরেকজন সামরিক কর্মকর্তা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী যা করছে, তা দেশের স্বার্থের বিরুদ্ধে। এরা রাতে ওপারে (মিয়ানমারে যায় এবং তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে মাদক পাচার করছে। যে মাদক উদ্ধারের কথা জানা যায়, তা মূলত ২ বা ৩ শতাংশ মাত্র। এতে সহজেই অনুমান করা যায়, কী বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে সম্পৃক্ত। এলাকাটি মাদকের অভয়ারণ্য। এটিকে কঠোরভাবে দমন না করলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।
ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যিনিই হোন না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হোন না কেন, প্রধানমন্ত্রীর থেকে শক্তিশালী নন। ১৬ কোটি মানুষের স্বার্থের সঙ্গে কোনো আপস হতে পারে না। রোহিঙ্গা জনগোষ্ঠীকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, এখানে বাস করতে হলে আমাদের দেশের আইন মানতে হবে।’