ফয়সাল করিম মাসুদ
ফয়সাল করিম মাসুদ

শহীদ হাদি হত্যাকাণ্ড: শেরেবাংলা নগর থানায় আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। ২৩ ডিসেম্বর মামলাটি করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম আজ সোমবার প্রথম আলোর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এস নজরুল ইসলাম গতকাল রোববার সংবাদ সম্মেলনে বলেন, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে হাদি হত্যায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২টি গুলি, মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক হিসাবের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।