শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ইতালিফেরত যাত্রী আবুল বাশার (বাঁয়ে) এবং তাঁর হারানো লাগেজ থেকে জব্দ করা ডামি পিস্তল ও ৫০টি বুলেট (ডানে)। ১৭ আগস্ট ২০২৬
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ইতালিফেরত যাত্রী আবুল বাশার (বাঁয়ে) এবং তাঁর হারানো লাগেজ থেকে জব্দ করা ডামি পিস্তল ও ৫০টি বুলেট (ডানে)। ১৭ আগস্ট ২০২৬

ডামি পিস্তল ও ৫০টি বুলেট উদ্ধার

নিখোঁজ লাগেজ নিতে এসে ধরা পড়লেন ইতালিফেরত এক ব্যক্তি

ইতালি থেকে দেশে ফেরার পর নিখোঁজ হওয়া লাগেজ বিমানবন্দর থেকে সংগ্রহ করতে এসে আটক হয়েছেন আবুল বাশার নামের এক যাত্রী। আজ সোমবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্ক্যানিংয়ের সময় তাঁর ওই লাগেজের ভেতর থেকে খেলনাসদৃশ (ডামি) ১টি পিস্তল, গানপাউডারযুক্ত ৫০টি বুলেট ও ১টি চাকু উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এসব সামগ্রী জব্দ করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম থেকে আসা বিজি-৩৫৬ ফ্লাইটে ঢাকায় নামেন আবুল বাশার। ওই সময় বিমানবন্দরে তাঁর একটি লাগেজ নিখোঁজ হয়। পরবর্তীকালে ১৫ আগস্ট বিমানের বিজি-২০২ ফ্লাইটে হারানো ওই লাগেজ ঢাকায় এসে পৌঁছায়।

আজ সোমবার আবুল বাশার সেই হারানো লাগেজটি সংগ্রহ করে কাস্টমসের গ্রিন চ্যানেল-২ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় এনএসআই এবং কাস্টমস প্রিভেনটিভ টিমের সদস্যরা লাগেজটি স্ক্যানিং মেশিনে দেন। স্ক্যানে লাগেজের ভেতরে পিস্তলসদৃশ একটি বস্তুর উপস্থিতি ধরা পড়ে।

পরে কাস্টমসের ইনভেন্টরি টেবিলে এনে লাগেজটি খোলা হয়। সেখানে বিস্তারিত তল্লাশি চালিয়ে খেলনাসদৃশ (ডামি) ১টি পিস্তল, গানপাউডারযুক্ত ৫০টি বুলেট ও ১টি চাকু পাওয়া যায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু থানায় এখনো বুঝিয়ে দেওয়া হয়নি।’