গ্রেপ্তার দুই ব্যক্তি
গ্রেপ্তার দুই ব্যক্তি

পল্লবীতে মঞ্জুরুল হত্যায় দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম ওরফে বাবু ওরফে ব্লেড বাবু (২৪) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রাজন (৩৫) ও রনি (২৬)। মঞ্জুরুল হত্যায় এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা বিভাগের (মিরপুর ও তেজগাঁও) উপকমিশনার মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারসহ দ্বন্দ্বের জেরে ২০ জানুয়ারি পল্লবী এলাকায় সন্ত্রাসী রাজন গ্রুপ মঞ্জুরুলকে হত্যা করে। এ ঘটনায় মঞ্জুরুলের স্ত্রী রাবেয়া আক্তার পল্লবী থানায় হত্যা মামলা করেন। থানা-পুলিশের পাশাপাশি ডিএমপির ডিবি হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। তথ্য ও প্রযুক্তির সহায়তা নেন। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে তাঁরা হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ জানুয়ারি মামলার অন্যতম আসামি মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়। ২৪ জানুয়ারি গ্রেপ্তার হন ইরফান হোসেন ওরফে তুফান। ২৬ জানুয়ারি রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করা হয়। ২৬ জানুয়ারি গ্রেপ্তার হন আরেক আসামি সাজ্জাদ।

ডিবি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতকাল গ্রেপ্তার রাজন ও রনির তথ্যের ভিত্তিতে পল্লবী থানার স্বপ্ননগর এলাকা থেকে মঞ্জুরুল হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।