মারধরের শিকার ছাত্রদলের নেতা–কর্মীরা। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে
মারধরের শিকার ছাত্রদলের নেতা–কর্মীরা। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে

ধানমন্ডিতে ছাত্রদল নেতা–কর্মীদের মারধর, বারের ব্যবস্থাপক–বাউন্সারসহ ১১ জন গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত কয়লা নামের একটি বারে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় ওই বারের ব্যবস্থাপক, বাউন্সারসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গতকাল রাতে ঘটনার সময় আটক করা দুই ছাত্রলীগ নেতাও রয়েছেন।

আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাত ১২টার পর বারের সামনে ও ভেতরে মারধরের শিকার হন ছাত্রলীগের নেতা–কর্মীরা। মারধরের শিকার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বাদী হয়ে আজ দুপুরে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা (২৩) ছাড়াও ছাত্রলীগের নেতা মো. সুমন মিয়া (৩০) ও মো. আকবর হোসেন (২৭) রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন কয়লা বারের ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী ও বাউন্সার মো. জসিম খান (৩০), মো. শাহাদাত ইসলাম (২৮), মো. রফিকুল ইসলাম (৫৫), মো. জাহিদুল ইসলাম (২৩), শিপন (৩৮), মো. মারুফ (৩৬), মো. কাইয়ুম (৩৮) ও রাকিবুল ইসলাম (৩৮)।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ছাত্রদল নেতার করা মামলায় তিন ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ, মামলার এজাহার ও ছাত্রদল সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। একপর্যায়ে সুমন দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান। সেখানে কয়লা বারের নিরাপত্তাকর্মীরা সুমনকে ছেড়ে দেওয়ার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এর কিছুক্ষণ পর সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটকের চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে গিয়ে আশ্রয় নেন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে বারের কর্মীরা কনকর্ড টাওয়ারের প্রবেশ ফটক বন্ধ করে দিয়ে লাঠি, লোহার রড ও হকিস্টিক নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বেধড়ক মারধর করেন।

এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল কর্মী আকাশ আহত হন। তাঁদের মাথা ফেটে যায়। পরে তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রাজা, সুমনসহ বারের নিরাপত্তাকর্মীদের আটক করে থানায় নিয়ে যায়।

মারধরের শিকার ছাত্রদল নেতা মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, সুমন ও রাজাকে ধরতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে ছিল। নিরাপত্তাকর্মী ও বাউন্সারদের হামলায় তিনিসহ তিনজন আহত হন।