রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, লাশের টুকরাগুলো পলিথিনে মোড়ানো ছিল।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, আজ রোববার বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। টুকরাগুলো অর্ধগলিত, তবে মরদেহের মাথা পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। এসআই আবু রায়হান বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।