
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও টাকা উদ্ধারের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, রাকিব ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। তবে রাকিব পালিয়ে গেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আল-আমিন ওরফে সাকিব (২৩) ও মো. মোজাম্মেল হক (৩২)।
ডিএনসি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বনানী থানার কড়াইল বস্তির এরশাদ মাঠ এলাকায় মো. কালু মিয়ার ভাড়াটে মো. রাকিব ইসলাম তাঁর সংঘবদ্ধ দল নিয়ে তিন কক্ষের একটি ভাড়া বাড়ি থেকে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করছেন। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৫ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা, মাদক কারবারের ১৭ হাজার টাকাসহ আল-আমিন ও মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কারবারি রাকিব ইসলাম পালিয়ে যান।
অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের প্রকৃত মালিক রাকিব ইসলাম। তাঁরা রাকিব ইসলামের পক্ষে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার কাজে সহযোগিতা করতেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী মামলার কার্যক্রম চলছে।
এর আগে গত ২৯ আগস্ট কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি মমিনের বাসায় অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসার ৪৩ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।