সংবাদ সম্মেলনে র‍্যাব

ভারত থেকে নৌপথে হেরোইন এনে ছড়িয়ে দিতেন তাঁরা

র‍্যাবের হাতে গ্রেপ্তার তিন ব্যক্তি
ছবি: সংগৃহীত

ভারত থেকে নৌপথে হেরোইন এনে সারা দেশে ছড়িয়ে দেওয়া একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। তাঁদের কাছ থেকে ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের দাম প্রায় পাঁচ কোটি টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকিবুর রহমান (৩৫), সেলিনা খাতুন ওরফে শিরিনা (৩৭) ও রাজিয়া খাতুন (৩৩)। গতকাল বৃহস্পতিবার গাজীপুর ও নওগাঁয় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব।

চক্রটির বিষয়ে জানাতে আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, তিন ব্যক্তির কাছ থেকে ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের দাম প্রায় পাঁচ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চক্রটি পাশের দেশ থেকে নৌপথে রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে হেরোইন নিয়ে আসছিল। চক্রের প্রধান শাকিবুর। তিনি হেরোইন পরিবহনের কাজে নারীদের ব্যবহার করতেন। তাঁর দলে ১০ থেকে ১২ জন নারী রয়েছেন। মূলত তাঁরাই দেশের বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করতেন। চক্রটি প্রতি মাসে অন্তত ১৫ কোটি টাকার হেরোইন বিক্রি করছিল।

র‍্যাব বলছে, গতকাল গাজীপুর থেকে প্রথমে শাকিবুর ও রাজিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে শাকিবুরের দেওয়া তথ্যর ভিত্তিতে নওগাঁ থেকে তাঁর স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করা হয়। শাকিবুর ও রাজিয়ার কাছ থেকে ৩ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেলিনার কাছ থেকে উদ্ধার করা হয় ২ কেজি হেরোইন। উদ্ধার হওয়া হেরোইনের দাম প্রায় পাঁচ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় হেরোইন সরবরাহ করে আসছিল। একটি চালান নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিলে বাহক ১৫ থেকে ২০ হাজার টাকা পেতেন। চালানের পরিমাণ বেশি হলে শাকিবুর নিজেই তা পৌঁছে দিতেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গাজীপুর-সাভার এলাকায় সরবরাহের জন্য ৩ কেজি ৪০০ গ্রাম হেরোইনের একটি চালান নিয়ে এসেছিলেন শাকিবুর ও রাজিয়া। হেরোইন বহন করেছিলেন রাজিয়া। চালান বড় হওয়ায় রাজিয়ার সঙ্গে এসেছিলেন শাকিবুর।

র‍্যাব বলছে, শাকিবুরের বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে। দুই বছর ধরে তিনি মাদক ব্যবসায় জড়িত। ভারত থেকে হেরোইন এনে তিনি প্রথমে নিজের বাসায় সংরক্ষণ করতেন। পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও হেরোইন সরবরাহ করতেন। হেরোইন বিক্রির টাকা তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করতেন।

রাজিয়ার বিষয়ে খন্দকার আল মঈন বলেন, শাকিবুরের অন্যতম সহযোগী তিনি। এক বছর ধরে তিনি হেরোইন সরবরাহের কাজ করছেন।