বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে গেল। এ নিয়ে ৯৭তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালেন আদালত।
আজ রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি।
এ কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী দিন নির্ধারণ করেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় ওই অর্থ পাচার করা হয়েছিল।
ঘটনার পর ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। এরপর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করছে।