
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগ। তাঁরা হলেন মো. ফয়সল মিয়া (৪১) ও মো. ইউনুছ মিয়া (৫২)।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেতের ৩০০ ফুট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়।
ডিবির মতিঝিল বিভাগের বরাত দিয়ে ডিএমপি জানায়, ডিবির মতিঝিল বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ফয়সাল ও ইউনুছকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ সময় তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।